যশোরের ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজের রায় নিয়ে হাইকোর্টে রুল #বিচারকের কাছে ৩০ দিনের মধ্যে ব্যাখ্যা তলব

নিজস্ব প্রতিবেদক
যশোরের একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী নজরুল অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলামকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে নিম্ন আদালতের দেওয়া দণ্ডাদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এছাড়া মামলাটি অন্য আদালতে বদলি হওয়ার পরও রায় দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট বিচারকের কাছে ৩০ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে।
গত ২৪ জুন বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ.কে.এম. রাবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালত ২০২৫ সালের ১৩ এপ্রিল সেশন মামলা নং ৫৮১/২০১৮ (সিআর মামলা নং ১২৮১/২০১৭) এ মো. নজরুল ইসলামকে চেক বিজনার মামলায় দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি বিবিধ মামলা দায়ের করলে আদালত জরিমানার অর্থ আদায় স্থগিত করেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদেশে হাইকোর্ট উল্লেখ করেন, মামলাটি ইতোমধ্যে অন্য আদালতে বদলি হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট বিচারকের নজরে আনার পরও তিনি রায় প্রদান করেছেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এটি বিচারিক এখতিয়ার ও বিচারিক শৃঙ্খলার পরিপন্থী হতে পারে। এ কারণে যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালতের বিচারক এম. রাশেদুর রহমানকে আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়