২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বখ্যাত চিত্রকর্মগুলোর অজানা কাহিনী-৩

প্রতিদিনের ডেস্ক
১৮১৬ সালে ফ্রান্সের একটি যুদ্ধ জাহাজ মেডুসা সেনেগালের নতুন রাষ্ট্রপ্রধান প্রায় ৪০০ যাত্রী নিয়ে সেনেগালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সেসময় জাহাজের ক্যাপ্টেন ছিলেন ৫৩ বছর বয়সী ডি চমেরে। ক্যাপ্টেন হিসেবে তিনি তেমন কৌশলী ছিলেন না। লোকমুখে শোনা যায় যে, তখনকার ফরাসি রাজা অষ্টাদশ লুইয়ের সঙ্গে যোগাযোগের কারণেই দক্ষতা না থাকা সত্ত্বেও চমেরেকে ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয়। চমেরের দক্ষতার অভাবে হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। সেই জাহাজে ছিল না পর্যাপ্ত পরিমাণ লাইফবোট। অল্প সংখ্যক লাইফবোট থাকায় কিছু প্রভাবশালী লোক সেই লাইফবোটে জায়গা পায়। অন্য যাত্রীরা নিজেদের আত্মরক্ষার জন্য তড়িঘড়ি করে একটি কাঠের তৈরি ভেলা বানানোর চেষ্টা করতে থাকে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সেই ভেলায় ওঠা ১৮৯ জন যাত্রীর মধ্যে ১৫ জন ছাড়া বাকিদের পক্ষে বেঁচে ফেরা সম্ভব হয়নি। ঐ সময় সমুদ্রে ওঠে প্রচন্ড ঝড়। প্রায় ১৩ দিন পর্যন্ত চলে এই ঝড়-বৃষ্টি। সেই ঝড়-বৃষ্টি পেরিয়ে যাদের উদ্ধার করা সম্ভব হয়, তখন তারা মৃতপ্রায়। এই ঘটনার ফলে তৎকালীন ফরাসি সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রবল সমালোচনার ঝড় ওঠে। এমন দুর্ভাগ্যজনক ঘটনারই ক্যানভাসে চিত্ররূপ দেন ফরাসি রোমান্টিক শিল্পী থিয়োডর জেরিকো তার বিখ্যাত পেন্টিং ‘র‌্যাফ্ট অব মেডুসা’য়। এটি আঁকার আগে থিয়োডর ঘটনাটি নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন বলে তিনি জানিয়েছিলেন। এমনকি হাসপাতালে গিয়ে মৃত মানুষের চামড়ার রঙ নিয়ে পর্যন্ত গবেষণা করেছিলেন। এঁকেছিলেন একটার পর একটা স্কেচ। শুধু তাই নয়, একটি ভেলা বানিয়ে তা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন তার উঠানামা লক্ষ্য করার জন্য। এতে ফলও পান খুব দ্রুত। বর্তমানে ছবিটি প্যারিসের লুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। ঘটনাটি সকলের জানা থাকায়, তার সাথে যুক্ত হয় জেরিকোর নানা পরীক্ষা-নিরীক্ষা। জেরিকোর পেন্টিংয়ের স্টাইলও ছিল বেশ জোরালো। ফলে এই পেন্টিংটা বিখ্যাত হতে বেশি সময় লাগেনি। মাত্র ১৬টি রঙ, বিশেষত কালো, হলুদ ও কমলা রঙ দিয়ে আঁকা হয়েছিল জেরিকোর এই স্বনামধন্য চিত্রকর্মটি। যেহেতু জেরিকো মাইকেলেঞ্জেলোর কাছ থেকে খুব অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তার ছবিটির সঙ্গে ‘সিস্টিন চ্যাপেল’ ছবিটির সাথে মিল খুঁজে পাওয়া যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়