রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় কুমারডাঙ্গা বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাংচুর ও ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিহানুক রহমানসহ ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইতনা ইউনিয়ন বিএনপির সদস্য কুমারডাঙ্গা গ্রামের রবিউল শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। (মামলা নং ২১ তারিখ ১৭.০৪.২০২৫)। পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করেছে। মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে অবস্থিত বিএনপির একটি স্থানীয় অফিসে বাদী রবিউলসহ বিএনপির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম, ফিলিস্তিনি মুসলমানদের জন্য তহবিল সংগ্রহ ও জনমত গড়ে তোলার বিষয়ে আলাপ করছিলেন। এ সময় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিহানুকের নেতৃত্ব আসামিরা হাতুড়ি, ককটেল, পাইপগান, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রডসহ বিএনপির অফিসে প্রবেশ করে অফিস কক্ষ ও আসবাবপত্র ভাঙচুর করে খুন-জখমের ভয় দেখিয়ে বিএনপির নেতাকর্মীদের অফিস থেকে বের করে দেয়। এ সময় আসামিদের হাতে থাকা ৮-১০ টি ককটেল নিক্ষেপ করে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। আসামীরা অফিস কক্ষে সাটানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান , প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত পোস্টার টেনে ছিড়ে ফেলে অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, এজাহারভূক্ত আসামি আবু সুফিয়ান ও পাপন শিকদারকে আটক করে শনিবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

