রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে টোকন মীর (৫৬) খুন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মরা যান। টোকন মীর উপজেলার করফা গ্রামের মৃত নবাব মীরের ছেলে। এ ঘটনায় টোকনের স্ত্রী ও দুই ছেলে আহত হয়েছে। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের টোকন মীরের বাড়ীর জায়গা দিয়ে ভ্যান চলাচলকে কেন্দ্র করে চাচাতো ভাই ফেরদৌস মীরের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে ফেরদৌস মীরের নেতৃত্বে রিজ্জাক মীর, রহমান আলী, করিম আলী ও হৃদয়সহ ১০/১৫ জন দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদা, লাঠিশোটা নিয়ে টোকনের বাড়ীতে হামলা চালিয়ে টোকন মীর, তার স্ত্রী, ছেলে রুবেল ও রাজু মীরকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসে। পরে টোকনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় টোকন মীর মারা যায়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনায় সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

