প্রতিদিনের ডেস্ক॥
মুক্তির পর তুমুল সমালোচনার মুখে পড়েছে প্রিয়াঙ্কা ঘোষ ও নূপুর আস্থানা পরিচালিত রোমান্টিক-কমেডি সিরিজ ‘দ্য রয়্যালস’। শুধু সমালোচকেরাই নন, সাধারণ দর্শকও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সিরিজটিকে।
না আছে কোনো শিল্পমান, না আছে কোনো বিনোদন—এমনটা উল্লেখ করে বেশির ভাগই বলছেন, এত খরচ করে এমন সিরিজ নির্মাণ একেবারেই অর্থহীন। তবে সব সমালোচনা ছাপিয়ে আলোচনায় সিরিজের অভিনেত্রী ভূমি পেডনেকরের ঠোঁট।
অভিনেত্রী তার ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন, এই ইস্যু নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। কটু মন্তব্যের শিকার হয়েছেন ভূমি। একবার অস্ত্রোপচার বিতর্কে নিজেও মুখ খুলেছিলেন অভিনেত্রী।
ভূমি বলেছিলেন, ‘মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে।
একজন তো আমাকে সরাসরি বলেছিলেন, “তোমার ঠোঁট খুব বড়।” কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হলো? এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে।’
‘দ্য রয়্যালস’ সিরিজে ঈশানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন ভূমি। প্রথম থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হলেও দর্শকের মনে সেভাবে দাগ কাটতে পারেনি।
‘দ্য রয়্যালস’ সিরিজে ঈশান ও ভূমি ছাড়া আরো অভিনয় করেছেন জিনাত আমান, নোরা ফতেহি, সাক্ষী তনওয়ার প্রমুখ।

