বিদেশে চাকরির প্রলোভনে ৩৬ লাখ টাকা আত্মসাৎ যশোরে প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
বিদেশে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যশোরের এক পরিবারের কাছ থেকে ৩৬ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। চাকরির পরিবর্তে প্রতারণা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বাঘারপাড়া উপজেলার তৈলধান্যপুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। সংবাদ সম্মেলনে শরিফুলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর শ্বশুর মো. শাহাদত হোসেন। লিখিত বক্তব্যে তিনি জানান, শরিফুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদকে ইতালিতে সম্মানজনক চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে ১৬ লাখ টাকায় চুক্তি করেন প্রতারকরা। এরপর জমি বিক্রি, ঋণ গ্রহণ ও সহায়-সম্বল বিক্রির মাধ্যমে ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে ধাপে ধাপে সেই টাকা পরিশোধ করা হয়। তবে চুক্তি অনুযায়ী ইতালিতে পাঠানোর পরিবর্তে শাহেদকে ঘুরপথে দুবাই, কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা হয়ে নিয়ে যাওয়া হয় কাজাখস্তানে। সেখানকার পুলিশ তাঁকে আটক করলে অভিযুক্ত আলমগীর হোসেন তাকে মুক্ত করেন এবং পরে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে আরও ২০ লাখ টাকা দাবি করেন। সব মিলিয়ে পরিবারটির কাছ থেকে আদায় করা হয় ৩৬ লাখ টাকা।সংবাদ সম্মেলনে জানানো হয়, নানা সময় টাকা ফেরতের কথা বললেও শেষ পর্যন্ত তা দেওয়া হয়নি। বরং টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয় হত্যার। এ বিষয়ে শরিফুল ইসলাম গত ২২ মে বাঘারপাড়া আমলী আদালতে একটি মামলা দায়ের করেছেন (সি.আর মামলা নম্বর- ২৪৫/২৫)। মামলায় ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩’ ও ‘বাংলাদেশ দণ্ডবিধির’ একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—তৈলধান্যপুড়া গ্রামের নাজমুল হাসান বিপ্লব, তার পিতা হায়দার আলী (৬৮), স্ত্রী কাকলী বেগম (৩৫), চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন (৪০) এবং অজ্ঞাত আরও ৩-৪ জন।সংবাদ সম্মেলনে শরিফুলের স্ত্রী স্বপ্না বেগম, ভাই রবিউল ইসলাম, মামা আজিজুল হক, আলতাব হোসেন, জামির হোসেন এবং ভুক্তভোগী শাহেদ আহম্মেদ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতারকদের দ্রুত গ্রেপ্তার এবং আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়