নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের প্রাণভোমরা ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করে জলজ পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতার বার্তা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ভৈরব নদীর দড়াটানা অংশে প্রায় ৪০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অবমুক্ত মাছের মধ্যে ছিল রুই, বাটা, সিলভার কার্প, জাপানি মৃনাল কাপ ও তেলাপিয়া। পরিবেশবান্ধব এই কর্মসূচির আয়োজন করে জেলা মৎস্যজীবী দল। আয়োজকরা জানান, একদিকে শহীদ রাষ্ট্রপতির স্মরণ, অন্যদিকে স্থানীয় মৎস্যসম্পদের পুনর্জন্মের এই প্রয়াস ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম। তিনি বলেন, “আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিতেই সীমাবদ্ধ নই, পরিবেশ রক্ষাও আমাদের দায়িত্ব। এই কর্মসূচির মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুব দলের আহ্বায়ক আনছারুল হক রানা, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হেলাল মামুন তুষারসহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। এই উদ্যোগটি শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবেশ ও জীবিকার সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলেই মনে করছেন সচেতন মহল।
