আজ শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

সুন্দর সাহা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। উৎসবমুখর আর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। শেষ হবে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। রথে চড়ে জগন্নাথ, শুভদা ও বলরাম দেবতা মামা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পুনরায় ৮ দিন পর মামা বাড়ি থেকে বাড়িতে ফিরতি যাত্রা করবে। সারা দেশের ন্যায় যশোর শহরের বেজপাড়া পূজা মন্দির, নীলগঞ্জ মহাশশ্মান প্রাঙ্গন, রামকৃষ্ণ আশ্রম, ও মিশন ও চাঁচড়া শ্রীশ্রী দশমহাবিদ্যা ইসকন মন্দিরে রথযাত্রা মহোৎসব বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হয়ে থাকে। রথযাত্রাজুড়ে এসব মন্দির প্রাঙ্গনে বসে মেলা। প্রতিটা মন্দির প্রাঙ্গন থাকে ভক্তবৃন্দ ও দার্শনার্থীদের উপচেপড়া ভিড়। সব মিলিয়ে রথযাত্রা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বয়ে যায় উৎসবের আমেজ। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং মন্দির কর্তৃপক্ষ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে।রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এর মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, পদাবলি কীর্তন, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভগবত গীতা পাঠ, ধর্মীয় চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় নাটক মঞ্চায়ন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়