নিজস্ব প্রতিবেদক
যশোর কেন্দ্রীয় কারাগারে নিরাপদ খাদ্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক এক বিশেষ কর্মশালার উদ্বোধন করেন যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “এই কর্মশালার মাধ্যমে বন্দীরা সুষম খাদ্য বন্টনের প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করে কারাগারের ভিতরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে। একদিন তারা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাহিরে গিয়ে বিভিন্ন হোটেল বা প্রতিষ্ঠানে চাকরি করে স্বাবলম্বী হতে পারবে।” তিনি আরও বলেন, “আমার চাকরি জীবনে বহু কারাগারে দেখেছি খাবারে ফুড পয়জনিং হয়েছে। এই ধরনের ঘটনা রোধে সুশিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। যশোর কেন্দ্রীয় কারাগারে প্রথমবারের মতো এই কর্মশালা আয়োজন করায় এটি দেশের কারা বিভাগের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।” সিনিয়র জেল সুপার কর্মশালাটিকে যুগান্তকারী একটি পদক্ষেপ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” কর্মশালায় কারারক্ষীদের ব্যারাকের মেসে দায়িত্বে থাকা কারারক্ষীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালার একটি বিশেষ মুহূর্তে কয়েদি আব্দুর রহিম বলেন, “এই প্রশিক্ষণে আমরা রান্নার সঠিক কৌশল ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব সম্পর্কে জেনেছি, যা বন্দীদের জন্য স্বাস্থ্যকর আহারের সুযোগ সৃষ্টি করবে।” অবশেষে, যশোরের নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব আব্দুর রহমান বন্দীদের মাঝে একটি প্রাকটিক্যাল সেশন পরিচালনা করেন, যেখানে খাদ্যের গুণগত মান নির্ধারণ ও রান্নার স্বাস্থ্যসম্মত পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। এই ব্যতিক্রমধর্মী আয়োজন কারাব্যবস্থার আধুনিকায়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

