উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া এলাকায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষিজমি। দিনরাত থেমে থেমে চলা বৃষ্টিপাতের ফলে নিচু জমিগুলোতে পানি জমে ফসলি জমি তলিয়ে গেছে। এতে করে ক্ষতির মুখে পড়েছে এলাকার অর্ধশত কৃষক।স্থানীয় কৃষকদের দাবি, ডুমুরিয়া ও আশপাশের অঞ্চলগুলোতে পানি নিষ্কাশনের ব্যবস্থার অভাব এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি নামতে পারছে না। যার ফলে, শাকসবজিসহ বিভিন্ন মৌসুমি ফসল পানির নিচে ডুবে রয়েছে। অনেকেই বলেন, যদি পানি দ্রুত না সরানো যায়, তবে পুরো মৌসুমের ফসল হারানোর আশঙ্কা রয়েছে তাদের।অবস্থার উন্নয়নের জন্য বুধবার দিনভর স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে বাঁধ নির্মাণ, ও কৃত্রিমভাবে পানি নিস্কাশনের উদ্যোগ নিচ্ছেন। অনেকে নিজেদের শ্রম ও অর্থ দিয়ে কাজ করছেন জমি রক্ষায়।স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও মিজানুর রহমান বলেন, গাবুরা ডুমুরিয়া এলাকার বেশ কিছু পরিমাণ ধেনো জমিতে ধান চাষ হয় তবে এই বৃষ্টিতে খালের পাড় ডুবে যাওয়ায় ওই জমিতে নদীর লবন পানি মিশে যেয়ে জমিতে ফসল ফলাতে পারবোনা।সে জন্য এলাকার সকল এস্তারের মানুষ সকাল থেকে মাটি কেটে বাধবাঁধার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।সেখানকার স্থানীয় ইউপি সদস্য বলেন, প্রশাসনের দৃষ্টি না পড়লে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। এলাকাবাসী দ্রুত পানি নিস্কাশনের জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানিয়েছেন। অন্যথায় কৃষিজমি হারিয়ে জীবিকায় বড় সংকটে পড়বেন বলে জানান তিনি।

