নিজস্ব প্রতিবেদক
‘জুলাই আন্দোলন’-এর এক বছর পেরিয়ে গেলেও আহতদের স্বীকৃতি, পূর্ণাঙ্গ চিকিৎসা কিংবা পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনে অংশ নেওয়া কর্মীরা। শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের হোটেল ওরিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন তারা। আহতরা বলেন, নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখালেও দলের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে দায় এড়িয়ে যাচ্ছেন। আমাদের চিকিৎসা, পুনর্বাসন বা ঘোষিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই ‘জুলাই সনদ’ ঘোষণা ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে তারা বলেন, আমরা শুধু ত্যাগ করিনি, নিজেদের জীবন, ভবিষ্যৎ, সব কিছু বাজি রেখেছি। এখন অবহেলা ও উপেক্ষা মেনে নেওয়া কঠিন। সভায় জাতীয় নাগরিক পার্টির নেতারা আহতদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একইসঙ্গে জনগণকে সঙ্গে নিয়ে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন তারা। সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. তাসনিম জারা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আন্দোলনের ধারাবাহিকতায় এটি ছিল পদযাত্রার ১১তম দিনের কর্মসূচি। নেতারা বলেন, দেশের সর্বস্তরে জনগণের সচেতন অংশগ্রহণ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই এই কর্মসূচি অব্যাহত রাখা হবে।

