১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফোনের ব্যাক প্যানেলে লুকিয়ে আছে যেসব সুবিধা

প্রতিদিনের ডেস্ক
আইফোনের (আইওএস ১৪ বা পরবর্তী সংস্করণ) পেছনে দুই বা তিনবার ট্যাপ করে স্ক্রিনশট নেয়া, ক্যামেরা চালু করা বা কল মিউট করা যায়। ফিচারটির নাম ‘ব্যাক ট্যাপ’।স্মার্টফোনের স্ক্রিন ছাড়াও ফোনের পেছনের দিকে এমন কিছু ফিচার রয়েছে যা দৈনন্দিন কাজকে আরো সহজ ও মজাদার করে তুলতে পারে। যেমন—
ক্যামেরা, স্ক্রিনশট ও মিউট করা
আইফোনের (আইওএস ১৪ বা পরবর্তী সংস্করণ) পেছনে দুই বা তিনবার ট্যাপ করে স্ক্রিনশট নেয়া, ক্যামেরা চালু করা বা কল মিউট করা যায়। ফিচারটির নাম ‘ব্যাক ট্যাপ’। ফোনের সেটিংসে গিয়ে অ্যাকসেসিবিলিটি> টাচে অপশনটি পাওয়া যাবে। কিছু অ্যান্ড্রয়েড ফোন, যেমন গুগল পিক্সেলেও কুইক ট্যাপ নামে এমন একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ডাবল ট্যাপে বিভিন্ন কাজ যেমন ফ্ল্যাশলাইট অন করা বা মিউজিক বন্ধ করা যায়।
অর্থ পরিশোধ
ফোনের পেছনে থাকা এনএফসি চিপ কন্টাক্টলেস পেমেন্টের সুবিধা দেয়। গুগল ওয়ালেট, অ্যাপল পে বা স্যামসাং ওয়ালেট অ্যাপ সেটআপ করলে শুধু ফোন ট্যাপ করেই কফি, বাজার কিংবা পরিবহন ভাড়া পরিশোধ করা যাবে। কিছু হোটেলে এমনকি কক্ষের দরজাও ফোন দিয়ে খোলা যায়। এছাড়া এনএফসি ব্যবহার করে বিল্ডিং বা ইভেন্টে প্রবেশের জন্য ব্যাজ স্ক্যান করাও সম্ভব। ফলে হাতের ফোনটি একসঙ্গে মানিব্যাগ ও চাবির কাজও করে।
হৃৎস্পন্দন মাপা
কিছু পুরনো স্যামসাং ফোনে (গ্যালাক্সি এস৫ থেকে এস১০ এবং নোট ৪ থেকে নোট ৯) ক্যামেরার পাশে পেছনের দিকে হার্ট রেট সেন্সর ছিল। সেখানে আঙুল রাখলেই স্যামসাং হেলথ অ্যাপের মাধ্যমে দ্রুত হার্ট রেট দেখা যেত। যদিও নতুন মডেলগুলোয় এ ফিচার নেই, তবে কার্ডিওগ্রাফ বা গুগল ফিটের মতো অ্যাপগুলো ফোন ক্যামেরা ও ফ্ল্যাশ ব্যবহার করে হৃৎস্পন্দন মাপতে পারে।
দরকারি অ্যাকসেসরিজের ব্যবহার
ফোনের পেছনের দিকটি নানা অ্যাকসেসরিজ যুক্ত করার জন্য দারুণ সুবিধাজনক। ভালোভাবে ধরার জন্য পপসকেট ব্যবহার করা যায় এবং ম্যাগসেফ ওয়ালেটে কার্ড রাখা যায়। পাশাপাশি অনেক ফোনে এনএফসি সিকিউরিটি কির মাধ্যমে ফোনের পেছনে ট্যাপ করেই নিরাপদে অ্যাপে লগ ইন করা যায়।
অন্য ডিভাইসে ওয়্যারলেস চার্জ
ফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকে, তবে এর পেছন দিকটা ছোট পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে। এক্ষেত্রে কেবল অন্য ডিভাইস যেমন ইয়ারবাড, স্মার্টওয়াচ বা আরেকটি ফোন পেছনে রাখলেই চার্জ হতে শুরু হবে। অনেক অ্যান্ড্রয়েড ফোন, যেমন স্যামসাং গ্যালাক্সি এস১০ ও পরবর্তী মডেল, পিক্সেল ৮ প্রো এবং কিছু হুয়াওয়ে বা শাওমি ফোনে ‘ওয়্যারলেস পাওয়ার শেয়ার’ বা ‘ব্যাটারি শেয়ার’ নামে এ ফিচার রয়েছে। তবে কাজ করার জন্য উভয় ডিভাইসকে কিউআই ওয়্যারলেস চার্জিং সমর্থন করতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়