২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভোটদানের পরিবেশকে নিষ্কণ্টক করতে হবে : অধ্যাপক নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বুধবার যশোর নগর মহিলা দলের ৯ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে ভোটাধিকারের গুরুত্ব ও দেশের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। নাজিরশংকরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি বলেন, দেশের মালিক জনগণ। তাদেরই সিদ্ধান্ত করার অধিকার আছে, কাকে ভোট দেবেন বা দেবেন না। কিন্তু জনগণের ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের পরিবেশকে নিষ্কণ্টক করতে হবে। তারা যেন নির্ভয়ে ও স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৬ বছর রাজপথে সংগ্রাম করেছি। বিএনপি স্থিতিশীল সমাজ ও রাষ্ট্র গঠন করতে চায়। আমরা চাই এই দেশকে সকলের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে তুলতে। নির্বাচনের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটিয়ে সকলের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট শাসনের রক্তচক্ষু সহ্য করেও বিএনপি একজন নেতাকর্মীকে দেশ ছেড়ে পালাতে হয়নি। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। বিএনপির শেকড় দেশের মাটি ও জনগণের মধ্যে গভীরভাবে প্রতিষ্ঠিত। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা ও নগর বিএনপির ৯ ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ লিটন। সমাবেশের সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক মুর্তজা খাতুন এবং পরিচালনা করেন জেলা মহিলা দল নেত্রী অ্যাড. মৌলুদা পারভীন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়