দুর্বৃত্তায়ন ও কালো টাকার রাজনীতি বন্ধ করতে হবে : নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
যশোরে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে টাউন হল ময়দানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাষ্ট্র সংস্কার আন্দোলনের স্মৃতিচারণ করা হয় এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ সময় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। এমপি হতে কোটি কোটি টাকা খরচ করা হয়, আর পরে জনগণের অর্থ লুটপাট করে ফেরত তোলা হয়। এ কালো টাকার রাজনীতি বন্ধ করতে হবে। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারও ব্যর্থ হয়েছে। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে নুর বলেন, আওয়ামী লীগ এখন অচল মাল। এ দল এদেশের রাজনীতিতে আর ঘুরে দাঁড়াতে পারবে না। যারা অতীতে ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের শিক্ষা নেওয়া উচিত। সমাবেশ থেকে রাষ্ট্র সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করা হয়। প্রধান বক্তার বক্তব্যে রাশেদ খান বলেন, যশোর জেলা আমাদের আন্দোলনের সূতিকাগার। বিএনপি-জামায়াতসহ অনেক রাজনৈতিক দল রাজপথে নামতে না পারলেও গণ অধিকার পরিষদ জনগণের অধিকার আদায়ে রাজপথে ছিল। ২৪ সালের গণঅভ্যুত্থান না হলে আজ আমরা এখানে দাঁড়াতে পারতাম না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার এখনো প্রশাসনে ফ্যাসিবাদী কাঠামো ধরে রেখেছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি সচিবালয় ও পুলিশে সংস্কারের আহ্বান জানান তিনি। খুলনা বিভাগের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সুযোগ পেলে এ অঞ্চলকে নিউইয়র্ক–লন্ডনের মতো আধুনিক নগরীতে পরিণত করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়