সুষ্ঠু নিরপেক্ষ বিচার ও পি আর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না : মোবারক হোসাইন

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার (৩১ আগস্ট) সকালে অনুষ্ঠিত মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, সুষ্ঠু নিরপেক্ষ, দৃশ্যমান বিচার ও পি আর পদ্ধতি ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না। তিনি অভিযোগ করে বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ ও ছাত্রদের হত্যা, জামায়াত নেতাদের বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করেছিল। এসব হত্যার সুষ্ঠু বিচার না হলে জনগণ নির্বাচনের ফলাফল কখনোই মেনে নেবে না। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোডম্যাপ তৈরি করছেন, ভালো কথা। তবে নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে। আমরা চাই না দেশে যেনতেন নির্বাচন হোক কিংবা ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক। জামায়াত নির্বাচন চায় না,এমন প্রচারণা মিথ্যা দাবি করে তিনি বলেন, আমরা চাই দেশে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের প্রার্থী মাওলানা আজীজুর রহমান, অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, যশোর-৩ আসনের প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, এবং অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসাবে। জনগণের ভোটাধিকার হরণ করা হলে তা দেশের জন্য কল্যাণকর হবে না। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ ভোট দিতে না পারলে স্বাধীনতার চেতনা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, নারীরা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য মহিলা ওয়ার্ড সেক্রেটারিদের সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়