যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সভায় অধ্যাপক নার্গিস বেগম : গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় নির্বাচন অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশ ও জনগণকে নিরাপদ রাখতে হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও নিশ্চিন্ত আবাসভূমি গড়ে তুলতে হবে। দেশ নিরাপদ না থাকলে, কেউ নিরাপদ থাকবে না, বলেন তিনি। রোববার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নার্গিস বেগম আরও বলেন, নির্বাচন হলো এমন একটি পথ যা জনগণের স্বাধীনভাবে মতপ্রকাশ নিশ্চিত করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার প্রথম উপলব্ধি করেছিলেন এবং সেজন্য তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই চিন্তা থেকেই তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতির তকমা লাগানোর চেষ্টা হচ্ছে। অথচ বিএনপি-ই একমাত্র দল, যা সংখ্যাগরিষ্ঠ মানুষের মর্যাদা, দর্শন ও অনুভূতি ধারণ করে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপির জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারত না, বরং অন্য দেশের অঙ্গরাজ্যে পরিণত হতো। তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা, আর তাৎপর্য হলো সমাজের সব স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। অপর বিশেষ অতিথি, দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে। বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে, আমাদের ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহক, মিজানুর রহমান খানসহ অন্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়