নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে চাঁদা না দেওয়ায় ভ্যানচালক মিন্টু হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নিহতের স্বজন ও শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে নিহতের স্বজনরা অভিযোগ করেন, ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় পৌর বিএনপির বহিষ্কৃত শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মিন্টুর দুই ভাইও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। বক্তারা দাবি করেন, মামলা দায়েরের পরও পুলিশ প্রভাবশালী মহলের চাপে অভিযুক্তদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করেনি। তারা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় খুনিদের আড়াল করার চেষ্টা চলছে। মানববন্ধন থেকে অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সন্ধ্যায় মনিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের উত্তর গেটে দোকানে চাঁদা দাবিকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে সাব্বির হোসেন তার সহযোগীদের নিয়ে মিন্টু ও তার ভাইদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিন্টুর মৃত্যু হয়। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সাব্বিরসহ তিনজনকে পুলিশ আটক করেছে।

