নিজস্ব প্রতিবেদক
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমকে প্রত্যাহার দাবিতে যশোরে সাংবাদিকদের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে যশোরে স্মারকলিপি প্রদান করেছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতারা পুলিশ সুপার রওনক জাহানের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ বিভিন্ন উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর শার্শা থানার ওসি আব্দুল আলিম এক স্কুলছাত্রের মৌখিক অভিযোগের বিষয়ে জানতে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে থানায় ডেকে নেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনেই কোনো তদন্ত ছাড়াই তাঁকে হাতকড়া পরিয়ে আটক দেখিয়ে মামলা রেকর্ড করেন। সাংবাদিকদের অভিযোগ, এটি ওসির আইনবহির্ভূত ও অতি উৎসাহী পদক্ষেপ, যা কোনো ব্যক্তি বা মহলের প্রভাবে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাঁরা দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার ও ওসি আব্দুল আলিমকে প্রত্যাহারের দাবি জানান।

