প্রতিদিনের ডেস্ক
স্কট বোল্যান্ডের বলকে আলতো স্পর্শে ফাইন লেগ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে জীবনের সেরা হাসিই যেন দিলেন জো রুট। অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরির আক্ষেপ ঘুচানো বলে কথা! তাই তিন অংক স্পর্শ হতেই দুই হাত মুষ্টিবন্ধ করে তৃপ্তির হাসি হাসলেন ইংল্যান্ডের ব্যাটার। ক্যামেরাম্যান যখন রুটের মুখায়বে ফোকাস করলেন তখন হেলমেটের ফাঁক গলে অনিন্দ্য সুন্দর হাসিই দেখা যাচ্ছিল। সেই হাসি যেন বলতে চাইছে অবশেষে উহাকে পাইলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি যে করেননি এমনটা নয়। এরআগে ৩৫ ম্যাচে ৪টি সেঞ্চুরি করেছেন রুট। তবে কোনোটিই অস্ট্রেলিয়ার মাটিতে নয়। ব্রিসবেন টেস্টের আগে ১৫ ম্যাচে ১০ ফিফটি পান। সর্বোচ্চ ছিল ৮৯ রানের ইনিংস। অথচ, ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে সেঞ্চুরি পাননি। তাই শঙ্কা জাগে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কি অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি ছাড়াই ক্যারিয়ার শেষ করবেন। অনেকের মনে এই শঙ্কা জাগলে ব্যতিক্রম ছিলেন ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার শুধু রুটের ওপর আস্থাই রাখেননি, কঠিন এক বাজিও ধরেন। এবারের অ্যাশেজে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক সেঞ্চুরি করতে না পারলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নগ্ন হয়ে হাঁটার ঘোষণা দেন। পার্থ টেস্টের দুই ইনিংসে ০ ও ৮ রান করে রুট হেইডেনের খায়েশ পূরণ করতে না পারলেও ব্রিসবেনে ঠিকই তার সম্মান বাঁচিয়েছেন। এখন নিশ্চয়ই অস্ট্রেলিয়ান কিংবদন্তি বুক চিতিয়ে বলতে পারেন, ‘কী বলছিলাম না সেঞ্চুরি করবেন রুট।’ রুটের সেঞ্চুরির বিষয়ে হেইডেন বলেছিলেন, ‘ইংল্যান্ড দলের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার জো রুট। গ্রীষ্মের শেষে (অ্যাশেজের পর) দেখা হবে, যদি সে সেঞ্চুরি না করে, আমি মেলবোর্নে নগ্ন হয়ে হাঁটব।’ ব্যক্তিগত ৯৮ রানের সময় বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন রুট। টেস্টে ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি তার। আরেকটি করলেই সেঞ্চুরি সংখ্যায় ছুঁয়ে ফেলবেন রিকি পন্টিংকে (৪১)। জ্যাক ক্যালিসের ৪৫ সেঞ্চুরির বিপরীতে ৫১ সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন। প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৩ রানে অপরাজিত রুট।

