উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগরে “সুস্থ কৃষির জন্য স্বাস্থ্যকর” মাটি প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর(শুক্রবার) ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাসারচক গ্রামে এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠী ও গ্রীন কোয়ালিশন এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মতবিনিময় সভায় স্থানীয়দের পাশাপাশি উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, গ্রীন কোয়ালিশন, সাংবাদিক ও উন্নয়ন কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে ফেস্টুনের মাধ্যমে উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় মাটির ভূমিকা, মাটি নষ্ট হওয়ার কারণ ও করণীয় তুলে ধরা হয়।অনুষ্ঠানে অল্পনা রানী বলেন, মাটি বাঁচলে ফসল উৎপাদন বাড়বে। এজন্য মাটির স্বাস্থ্য ঠিক রাখতে আমাদের জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে কৃষি কাজ করতে হবে।সাংবাদিক রণজিৎ বর্মন বলেন, মাটি থেকে মানুষসহ প্রাণীকুলের সৃষ্টি। মাটির সাথে আমাদের আচার-আচরণ ভালো না হলে মাটিও আমাদের সাথে আচারণ খারাপ করবে। মাটি নষ্ট হলে মাটির উৎপাদন ক্ষমতা কমবে। এজন্য মাটি সুরক্ষিত করে কৃষি ব্যবস্থা তৈরী করতে হবে। তবেই নিরাপদ খাদ্য ব্যবস্থা তৈরী হবে।অনুষ্ঠানে ইউনিয়ন গ্রীন কোয়ালিশন এর সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষানী চম্পা মাঝি, সন্ধ্যা রানী, হাসিনা বেগম, কনিকা রানী, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, মনিকা পাইক, বরষা গাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড়, শাপলা কিশোরী সংগঠনের সদস্য ধৃতিমা মন্ডল ও কৃষাণী মিতা রানী প্রমুখ।

