প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শিকাগো এলাকায় ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের উদ্যোগ আটকে দিয়ে। আদালতের এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন অভিযানে সামরিক বাহিনী ব্যবহারের প্রচেষ্টায় নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা বহাল থাকল।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটের ব্যবধানে এই সিদ্ধান্ত দেয়। এর ফলে ‘অপারেশন মিডওয়ে ব্লিৎজ’ নামের বিতর্কিত অভিবাসন অভিযানে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডকে ফেডারেল করার পরিকল্পনা আপাতত স্থগিত হলো।আদালতের স্বাক্ষরবিহীন আদেশে বলা হয়েছে, ‘টাইটেল ১০’ আইনের আওতায় প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ডকে ফেডারেল করার যে দাবি করেছে ট্রাম্প প্রশাসন, তা যথাযথভাবে প্রমাণ করতে তারা ব্যর্থ হয়েছে। রায়ে আরও উল্লেখ করা হয়, ‘পসি কমিট্যাটাস অ্যাক্ট’ অনুযায়ী সাধারণত সামরিক বাহিনীকে অভ্যন্তরীণ আইন প্রয়োগে ব্যবহার নিষিদ্ধ।রায়ে জোর দিয়ে বলা হয়, সামরিক বাহিনী মোতায়েন একটি ব্যতিক্রমী পদক্ষেপ, যার জন্য সুস্পষ্ট সাংবিধানিক বা বিধিবদ্ধ কর্তৃত্ব প্রয়োজন। এর ফলে মার্কিন ডিস্ট্রিক্ট জজ এপ্রিল পেরির অক্টোবরের রায় বহাল থাকল, যেখানে তিনি বলেছিলেন, ইলিনয়ে কোনো ‘বিদ্রোহ’ বা ‘সহিংস প্রতিরোধের’ বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার এই সিদ্ধান্তকে ‘ইলিনয় ও আমেরিকান গণতন্ত্রের জন্য বড় জয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি নির্বাহী ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ নজির।অন্যদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেল জ্যাকসন জানান, আদালতের এই আদেশ সত্ত্বেও ‘সহিংস দাঙ্গাকারীদের’ হাত থেকে ফেডারেল কর্মীদের সুরক্ষার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান অপরিবর্তিত থাকবে।রয়টার্স জানায়, সুপ্রিম কোর্টের এই আদেশটি আপাতত শুধু শিকাগো এলাকার জন্য প্রযোজ্য। তবে ধারণা করা হচ্ছে, এটি পোর্টল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও অন্যান্য ডেমোক্র্যাট-শাসিত শহরে চলমান আইনি লড়াইকেও প্রভাবিত করতে পারে।বর্তমানে শিকাগো এলাকায় প্রায় ৩০০ ন্যাশনাল গার্ড সেনা অবস্থান করলেও এই রায়ের পর তারা কোনো অপারেশনে অংশ নিতে বা রাস্তায় টহল দিতে পারবে না।

