১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে চালুয়াহাটি বিএনপির বিক্ষোভ

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোর-৫ (মনিরামপুর) আসনের বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব রশীদ বিন ওয়াক্কাসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে মনিরামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‌ এরই ধারাবাহিকতায় রোববার বিকালে শত শত নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নেংগুড়াহাট বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এর আগে এই আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনের নাম মনোনয়ন হিসেবে ঘোষণা করা হলেও গত বুধবার বিএনপির শরীক দল বাংলাদেশ জমিয়াতে উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দিয়ে অ্যাডভোকেট শহীদ ইকবালের পরিবর্তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পরপরই মনিরামপুর জুড়ে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ। বিক্ষোভ মিছিল শেষে নেংগুড়াহাট দলীয় কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কোষাধক্ষ্য আলহাজ্ব রবিউল ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামছুর রহমান রনি, আব্দুল ওয়াদুদ, জি.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইউনিয়ন বিএনপির সদস্য মাসুম বিল্লাল, মেম্বার বিল্লাল হোসেন, বিএনপি নেতা কায়সেদ বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন, মনিরামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল সাদ্দাম, যুবদল নেতা ইমদাদুল ইসলাম, হাদিউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। শতাধিক মামলা, একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো আন্দোলন থেকে সরে দাঁড়াননি। দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীদের পাশে থেকে মনিরামপুরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। বক্তারা দাবি করেন, শহীদ ইকবালকে ধানের শীষের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হলে এই আসন বিএনপির ঘরেই থাকবে। মিছিলে শ্লোগানে নেতা-কর্মীরা বলেন, শহীদ ইকবালকে আবারো মনোনয়ন ফিরিয়ে দেয়ার দাবি এবং রশীদের মনোনয়ন মানিনা মানবো না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়