প্রতিদিনের ডেস্ক:
ক্রিশ্চিয়ানো রোনালদো সময়ের সাথে পাল্লা দিয়েই ছুটছেন। আগ্রাসন আর অ্যাটাকে তিনি এখনও দুর্দান্ত। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও থামার কোনো লক্ষণ নেই পর্তুগিজ এই মহাতারকার। বরং নতুন মাইলফলক ছোঁয়ার নেশায় নিজেকে উজাড় করে দিচ্ছেন তিনি। সম্প্রতি দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা মিডল ইস্ট প্লেয়ারের পুরস্কার নেওয়ার পর রোনালদো সাফ জানিয়ে দিয়েছেন, ক্যারিয়ারে ১০০০ গোলের কোটা পূর্ণ না করে তিনি বুট জোড়া তুলে রাখবেন না।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন এই ফরোয়ার্ড। গত শনিবার আল আখদুদোর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন তিনি, ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার মোট গোল সংখ্যা এখন ৯৫৬। ১০০০ গোলের স্বপ্ন পূরণে রোনালদোকে আরও ৪৪টি গোল করতে হবে। নিজের আত্মবিশ্বাস ঝরিয়ে রোনালদো বলেন, চোট যদি বাধা হয়ে না দাঁড়ায় তবে তিনি নিশ্চিতভাবেই এই সংখ্যায় পৌঁছাবেন।২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়া রোনালদো গত জুলাইয়ে ক্লাবটির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন। এই চুক্তি অনুযায়ী ৪২ বছর বয়স পর্যন্ত তার সৌদি আরবে থাকার কথা। যদিও গত মাসে এক সাক্ষাৎকারে তিনি শীঘ্রই অবসরের ইঙ্গিত দিয়েছিলেন এবং বলেছিলেন যে ফুটবলকে বিদায় জানানো তার জন্য অত্যন্ত আবেগঘন ঘটনা হবে।
তবে ১০০০ গোলের লক্ষ্য তাকে নতুন করে অনুপ্রাণিত করছে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন সিআর সেভেন। ১৪ ম্যাচে ইতোমধ্যে ১৩টি গোল করেছেন তিনি। তার নেতৃত্বে সৌদি প্রো লিগ টেবিলের শীর্ষে রয়েছে দলটি। ব্যক্তিগত অর্জনে রোনালদোর ঝুলি বরাবরই সমৃদ্ধ। রিয়াল মাদ্রিদ ও পর্তুগাল জাতীয় দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে একশ’র বেশি গোল করার অনন্য কীর্তিও তার দখলে। ২০১৬ সালে পর্তুগালকে ইউরো জেতানো এই অধিনায়ক এর আগে জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
সূত্র: বিবিসি

