প্রতিদিনের ডেস্ক
জো রুট ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। সিডনিতে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড ৭ উইকেটে হারতেই লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে রুটের এটি ১৬তম টেস্ট হার। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে আর কোনও ক্রিকেটার একটি নির্দিষ্ট দেশের বিপক্ষে তাদের মাটিতে এত টেস্ট হারেনি। রুট এর আগে ইংল্যান্ডেরই সাবেক দুই ক্রিকেটার জেমস অ্যান্ডারসন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে এই তালিকায় শীর্ষে ছিলেন। তাদের এই লজ্জার নজিরও অস্ট্রেলিয়ার মাটিতে। তারা অস্ট্রেলিয়ায় ১৫টি করে টেস্ট হেরেছেন। বৃহস্পতিবার সিডনিতে হারার ফলে রুট একক ভাবে এই তালিকার শীর্ষে চলে এলেন। রুট অস্ট্রেলিয়ায় মোট ১৯টি টেস্ট খেলেছেন এবং ১৬টিতে হেরেছেন। অস্ট্রেলিয়ায় তিনি এখনও পর্যন্ত মাত্র একটি টেস্ট জিততে পেরেছেন। সেটি এ বারের অ্যাশেজে মেলবোর্ন টেস্ট। টেস্টে ঘরের মাঠ ও বিদেশ মিলিয়ে সবচেয়ে বেশি ম্যাচ হারার বিশ্বরেকর্ড ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দ্রপলের। তিনি ১৯৯৪ সালের মার্চ থেকে ২০১৫ সালের মে পর্যন্ত ১৬৪টি টেস্ট খেলে ৭৭টিতে পরাজয় দেখেছেন। এই তালিকায় চন্দ্রপলের পরেই আছেন অ্যান্ডারসন (৬৮) এবং রুট (৬৪) । বিদেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট হারার রেকর্ডটিও চন্দ্রপলের (৫২)। এরপর আছেন ব্রায়ান লারা (৪৩)। এই তালিকার অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন রুট। দুই জনই বিদেশে ৪২টি করে টেস্ট হেরেছেন।

