১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

হামলার কারণেই সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে পাকিস্তান, দাবি ভারতের

প্রতিদিনের ডেস্ক:
‘অপারেশন সিঁদুরের’ কারণেই পাকিস্তান সংবিধান সংশোধন করতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।‘পুনে পাবলিক পলিসি ফেস্টিভ্যালে’ ভাষণ দিতে গিয়ে জেনারেল চৌহান বলেন, পাকিস্তানে সম্প্রতি তাড়াহুড়ো করে সাংবিধানিক পরিবর্তন করা হয়েছে। সেই পরিবর্তনগুলো দেখায় যে সেই অভিযানের সময় তারা তাদের সিস্টেমে অনেক ফাঁক খুঁজে পেয়েছিল। তিনি বলেন, অপারেশন সিঁদুর থামতে না থামতেই পাকিস্তান সংবিধানের অনুচ্ছেদ ২৪৩-এর সংশোধন করা হয়েছে। তাতে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ বিলুপ্ত করা হয়েছে। তার বদলে প্রতিষ্ঠা করা হয়েছে চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদ।ভারতের সিডিএস বলেন, পাকিস্তান সংবিধান সংশোধনীতে এমন একটি বিধানও রেখেছে যে, এই পদটি কেবল সেনাপ্রধানের (সিওএএস) কাছেই থাকবে, যা জয়েন্ট কমান্ডের মূলনীতির পরিপন্থী। জেনারেল চৌহান বলেন, ন্যাশনাল স্ট্র্যাটেজি কমান্ড এবং আর্মি রকেট ফোর্স কমান্ড তৈরি করে পাকিস্তান কেন্দ্রীভূত ক্ষমতা অর্জন করেছে। তিনি বলেন, এখন সেনাপ্রধানের দায়িত্ব থাকবে স্থল অভিযান, যৌথ অভিযান ও পরমাণু বিষয়। জেনারেল চৌহানের মতে, পাকিস্তানের এই পরিবর্তনগুলো কেবল সেনাবাহিনীকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতাকে প্রতিফলিত করে। প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এক পর্যায়ে ৭ মে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালায় ভারত। পাকিস্তানও পাল্টা হামলা চালায় ভারতে। এতে পরিস্থিতির চরম অবনতি হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, তার মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়