প্রতিদিনের ডেস্ক
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে নতুন প্রস্তাব দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। বোর্ড সূত্রে জানা যায়, কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধান নির্বাচক আগরকর। এই প্রস্তাব বোর্ড মেনে নিলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন চার ক্রিকেটার। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের এ+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা ও জসপ্রীত বুমরাহ। সেই ক্যাটাগরি তুলে দিতে পারে বোর্ড। বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের পরবর্তী বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। আগরকরদের প্রস্তাব বোর্ড মেনে নিলে এ, বি ও সি ক্যাটাগরি থাকবে। এ+ ক্যাটেগরিতে থাকায় বছরে ৭ কোটি টাকা করে পেতেন এই চার ক্রিকেটার। তাদের এ ক্যাটাগরিতে নামিয়ে দিলে তারা পাবেন ৫ কোটি টাকা করে। অর্থাৎ, ২ কোটি টাকা করে কম পাবেন তারা। আবার সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রোহিত ও কোহলিকে একেবারে বি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হতে পারে। আর এমনটা হলে বছরে ৪ কোটি টাকা কম পাবেন তারা। আগরকরদের এই প্রস্তাবের নেপথ্যে নির্দিষ্ট যুক্তি রয়েছে। এ+ ক্যাটাগরিতে সাধারণত তাদেরই রাখা হয় যারা তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন। রোহিত ও কোহলি টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নিয়েছেন। এখন তারা শুধু এক দিনের ক্রিকেট খেলেন। জাদেজা টেস্ট ও এক দিনের ক্রিকেট খেলেন। অর্থাৎ, তারা কেউ তিন ফরম্যাটের ক্রিকেটার নন। বুমরাহ তিন ফরম্যাটে খেললেও নিয়মিত খেলেন না। তাকে মাঝেমধ্যেই বিশ্রাম দেওয়া হয়। তাই এই ক্যাটাগরি সরিয়ে দিতে বলেছেন আগরকরেরা। শুধু চার ক্রিকেটার নন, সার্বিক কেন্দ্রীয় চুক্তিতেও পরিবর্তন আনতে পারে বোর্ড। সি থেকে বি ক্যাটাগরিতে আসতে পারেন আর্শদীপ সিং ও হর্ষিত রানা। উন্নতি হতে পারে শ্রেয়াস আয়ার ও অভিষেক শর্মার। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ শামি, রবি বিশ্নোই ও সরফরাজ খান। বিসিসিআইয়ের বর্তমান কেন্দ্রীয় চুক্তির তালিকা:- এ+ ক্যাটাগরি (বার্ষিক ৭ কোটি)— বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ। এ ক্যাটাগরি (বার্ষিক ৫ কোটি)— মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, লোকেশ রাহুল, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ। বি ক্যাটাগরি (বার্ষিক ৩ কোটি)— সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, আক্সার প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ার। সি ক্যাটাগরি (বার্ষিক ১ কোটি)— রিঙ্কু সিং, তিলক বার্মা, ঋতুরাজ গায়কোয়ার্ড, শিবাম ডুবে, রবি বিশ্নোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সানজু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ঈশান কিশান, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। সূত্র : আনন্দবাজার ডট কম

