নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলায় ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে বরযাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১৫ জন কম-বেশি আহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ছয়টার দিকে চৌগাছা থানাধীন টেঙ্গরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিয়ে সম্পন্ন শেষে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন বাথানগাছী গ্রাম থেকে বরযাত্রী নিয়ে বাসটি যশোরের দিকে ফিরছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালবেলায় কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কম ছিল। এ সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। টেঙ্গরপুর মোড় পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা মোটরসাইকেলকে ক্রস করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন আপন বিশ্বাস, নিমাই রায়, বিকাশ দাস, নয়ন সিংহ, সাধন কুমার, গৌর বিশ্বাস, চন্দ্রা স্বামী, শ্রাবণী, পারুল হাজরা, প্রীতি, সুদীপ্ত সরকার ও হৃদয় অধিকারীসহ আরও কয়েকজন। আহতদের বাড়ি যশোর ও মাগুরা জেলার বিভিন্ন এলাকায়। দুর্ঘটনার পর বাসের অন্যান্য যাত্রী ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা যশোর সদর হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। চৌগাছা থানার সেকেন্ড অফিসার অভিজিৎ জানান, দুর্ঘটনায় প্রায় ১৫ জন কম-বেশি আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

