২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোংলা–রামপালে অপরাধমুক্ত রাজনীতির অঙ্গীকার চার প্রার্থীর

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট–৩ (মোংলা–রামপাল) আসনে নির্বাচিত হলে ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন চারজন সংসদ প্রার্থী। তারা বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে অপরাধের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। সোমবার (২৬ জানুয়ারি) মোংলা পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মোংলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে এসব অঙ্গীকার তুলে ধরেন প্রার্থীরা। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জিল্লুর রহমান এবং জেএসডির প্রার্থী হাবিব মাস্টার। এ সময় দলীয় কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ সরাসরি প্রার্থীদের মুখোমুখি হয়ে প্রশ্ন রাখেন। প্রার্থীরা বলেন, গণতন্ত্রের স্বাভাবিক ধারায় ফিরতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বিকল্প নেই। ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন মোংলা কমিটির সভাপতি ফ্রান্সিস হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। প্রার্থীরা জনসমক্ষে নিজ নিজ নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন এবং পরে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের একপর্যায়ে চার প্রার্থীই একটি সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন, যা উপস্থিত সবার সামনে পাঠ করে শোনানো হয়। পরে নাগরিক দায়িত্বের অংশ হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়ে ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়