১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

স্মার্ট ভোটার অ্যাপের উদ্বোধন : অমিত ভোটারদের হাতে তুলে দিলেন তথ্যের চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক
ভোট মানে শুধু ব্যালট নয়-ভোট মানে জানা, বোঝা আর নিশ্চিত হওয়া। সেই ভাবনা থেকেই যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ভোটারদের হাতে তুলে দিতে চাইলেন তাদের নিজস্ব তথ্যের চাবিকাঠি। ভোটার তথ্য যেন আর দপ্তরের ফাইলে আটকে না থাকে-এই লক্ষ্য সামনে রেখে তার উদ্যোগে চালু হলো www.vote4anindaislamamit.com নামের একটি ওয়েবসাইট এবং smartvoterinfobd নামে একটি অ্যাপ। শনিবার সকালে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই ডিজিটাল উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে স্মার্ট ভোটার অ্যাপের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় তিনি বলেন, সচেতন ভোটারই শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি-আর সেই সচেতনতা তৈরিতে প্রযুক্তি হতে পারে বড় সহায়ক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা। অনুষ্ঠানে সরাসরি অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে দেখানো হয়-কীভাবে একজন ভোটার খুব সহজে নিজের ভোটার স্লিপ বের করতে পারেন। জন্মতারিখ এবং ইউনিয়ন কিংবা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই ভেসে উঠবে ভোটারের প্রয়োজনীয় তথ্য ও স্মার্ট ভোটার স্লিপ। আয়োজকদের ভাষায়, এটি শুধু একটি অ্যাপ বা ওয়েবসাইট নয়-এটি ভোটারকে আত্মবিশ্বাসী করে তোলার একটি উদ্যোগ। যাতে ভোটের দিন কেউ বিভ্রান্ত না হন, কারও ভোটাধিকার হারিয়ে না যায়। প্রযুক্তির ছোঁয়ায় ভোটার তথ্য যখন ভোটারের হাতের নাগালে-তখন ভোট কেবল অধিকার নয়, হয়ে ওঠে সচেতন অংশগ্রহণের নাম।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়