২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিমান থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে গাজায় ৫ জন নিহত

প্রতিদিনের ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিমান থেকে ফেলা ত্রাণবাহী বান্ডিলের চাপায় অন্তত পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়। খবর: আল জাজিরার। আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন দেশের বিমান ছিল এটি নিশ্চিত ভাবে জানা যায়নি। এ ঘটনায় আহতদের চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিমান থেকে ফেলা ত্রাণের একটি বান্ডিলের সঙ্গে লাগানো প্যারাসুটে সমস্যা দেখা দেয়। ফলে সেটি পশ্চিম গাজার ফাইরোজ টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুতগতিতে নেমে আসে। সেখানে থাকা ত্রাণের জন্য অপেক্ষমানদের ওপর ত্রাণের বান্ডিল আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছে, ত্রাণের প্যাকেজগুলোতে অধিকাংশ প্যারাসুট ঠিকমতো লাগানো হলেও যে কাঠের ফ্রেমে বান্ডিলগুলো আটকে দিয়ে নিচে ফেলা হচ্ছে সেগুলো মোটামুটি বিপজ্জনক গতিতেই নিচে নেমে আসছে, তাই মাটিতে পড়ার সময় লোকজন চিৎকার-চেঁচামেচি করে সেগুলোর পথ থেকে সরে যাচ্ছে। এদিকে, গেল শনিবার প্রথমবারের মতো গাজায় বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলে যুক্তরাষ্ট্র। জর্ডানের সাথে সমন্বয় করে গাজার উপকূলজুড়ে প্রায় ৩৮ হাজার মানুষকে জরুরী সহায়তা দেয়া হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়