সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জে মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১০ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার বলেন, মানব পাচার প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি বলেন, সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগই এই ঘৃণ্য অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে পাচারের শিকার ব্যক্তিদের আইনি অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সভায় আরও বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ,মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সেলিম এবং সমবায় কর্মকর্তা আকরাম হোসেন। সমাজসেবা কর্মকর্তা মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভা। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, মানব পাচারের সার্ভাইভার ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

