শামিম হোসেন, কুয়াদা
মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে মোট ১,০৪০টি চালের স্লিপ বরাদ্দ করা হয় এবং প্রতি স্লিপের বিপরীতে ১০ কেজি করে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এই কার্যক্রমের সার্বিক তদারকি করেন ভোজগাতী ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার, যিনি নিজে উপস্থিত থেকে তালিকা অনুযায়ী উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেন। সচিবের দক্ষ তত্ত্বাবধান এবং দায়িত্বশীল ব্যবস্থাপনার কারণে পুরো বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়নি। এ সময় মণিরামপুর থানার এএসআই হেলাল উপস্থিত থেকে আইনশৃঙ্খলার পরিস্থিতি তদারকি করেন। স্থানীয়রা জানান, এবারের চাল বিতরণ ছিল আগের তুলনায় বেশি স্বচ্ছ ও সুশৃঙ্খল। একজন স্থানীয় বলেন, সচিব তাসলিমা আক্তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গরিব ও অসহায় মানুষের হাতে চাল পৌঁছে দিয়েছেন। কোনো অনিয়ম চোখে পড়েনি। চাল বিতরণের তালিকা তৈরি করা হয়েছিল বিএনপি ৩৫ শতাংশ, জামায়াত ৩৫ শতাংশ এবং ইউনিয়ন পরিষদের ৩০ শতাংশ অনুপাত অনুসারে। এর ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ ঈদের আগে গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছেন। উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যরা, অধ্যক্ষ জসিম উদ্দিন, গ্রাম পুলিশ, বিএনপি নেতা মুকুল ভান্ডারি কামরুজ্জামান, লফিফ বিডিআর, ছাত্রদলের সাধারণ সম্পাদক রমেশ রাজভর, এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান। এলাকাবাসী সচিব তাসলিমা আক্তার এর স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

