প্রতিদিনের ডেস্ক:
উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে খাবারের তালিকায় রাখতে পারেন ভিন্ন স্বাদের বাটার চিকেন বিরিয়ানি। মাখনের ঘ্রাণ, মশলার মোলায়েমতা আর রসালো চিকেনের মিশেলে তৈরি এই পদটি একদিকে যেমন পেট ভরাবে, তেমনি মনও ভরাবে তার অনন্য স্বাদে। ঘরোয়া আয়োজনেই সহজ উপায়ে বানিয়ে নেওয়া যায় এই বিশেষ বিরিয়ানি, যা পারিবারিক মিলনমেলা বা অতিথি আপ্যায়নে এনে দেবে উৎসবের বাড়তি আমেজ। রইলো রেসিপি-উপকরণ
মুরগির মাংস ৪০০ গ্রাম
বাসমতি চাল ১ কাপ
গোটা গরমসলা ৫ গ্রাম
চক্রফুল ১টি
তেজপাতা ২টি
লবণ স্বাদমতো
পেঁয়াজ ৪টি
ফেটানো দই আধ কাপ
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ ১ চা চামচ
লাল মরিচগুঁড়ো ১ চা চামচ
কাশ্মীরি মরিচগুঁড়ো ২ চা চামচ
জিরারগুঁড়ো ১ চা চামচ
গোটা জিরা ১ চা চামচ
রসুনবাটা ২ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
তেল পরিমাণমতো
ক্রিম ৩-৪ টেবিল চামচ
কসৌরি মেথি আধ চামচ
হলুদ ফুড কালার ১ চিমচে
ভাজা পেঁয়াজ আধ কাপ
দুধ ২-৩ টেবিল চামচ
মিঠে আতর ২ ফোঁটা
যেভাবে তৈরি করবেন
প্রথমেই চিকেনের টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তাতে দই, লবণ, কাশ্মীরি মরিচ গুঁড়ো, রসুন বাটা, হলুদ, লাল মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ঢেকে অন্তত ১৫ মিনিট রেখে দিন, যেন মশলার স্বাদ মাংসের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এদিকে চাল ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে পর্যাপ্ত পানির সঙ্গে গোটা গরম মশলা, লবণ, তেজপাতা ও চক্রফুল দিয়ে সেদ্ধ করে নিন। চাল সেদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।এরপর একটি কড়াইয়ে পরিমাণমতো মাখন গরম করে কুচি করা পেঁয়াজ লালচে করে ভেজে নিন। একই কড়াইয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো মশলা থেকে তুলে আলাদা করে ভেজে নিন, যেন হালকা বাদামি রং আসে। মাংস ভাজা হয়ে গেলে বাকি ম্যারিনেট মসলা ঢেলে দিয়ে ঢিমে আঁচে চিকেন ভালোভাবে সেদ্ধ হতে দিন।চিকেন নরম হয়ে এলে ওপর থেকে আরও কিছুটা মাখন, ফ্রেশ ক্রিম এবং কসৌরি মেথি ছড়িয়ে দিন, যেন বাটার চিকেনের স্বাদ ও ঘ্রাণ আরও গভীর হয়। এবার একটি বড় হাঁড়িতে স্তর সাজিয়ে নিন। প্রথমে রান্না করা চিকেন, তারপর সেদ্ধ চাল। ওপর থেকে দুধে মেশানো হলুদের রং, বেরেস্তা, আতর এবং গলানো মাখন ছড়িয়ে দিন। ঢেকে কম আঁচে প্রায় ১০ মিনিট দমে রাখলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও সুগন্ধি বাটার চিকেন বিরিয়ানি।

