প্রতিদিনের ডেস্ক
‘কেডি : দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। গানটিতে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পরই গানটির ভাষা ও উপস্থাপনাকে ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ ও ‘অশালীন’ বলে অভিযোগ তুলেছেন অনেক দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর নাচ ও দৃশ্যপট নিয়েও তীব্র সমালোচনা চলছে, এমনকি নিষিদ্ধের দাবিও উঠেছে। এই বিতর্কে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বলিউড অশ্লীলতার সব সীমা ছাড়িয়ে গেছে।’ তার মতে, এ ধরনের কনটেন্টের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি এবং ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণে আনার সময় এসেছে। বিতর্কের জেরে বিষয়টি গড়ায় প্রশাসনিক পর্যায়েও।
ভারতের মানবাধিকার কমিশন থেকে নির্মাতাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে গানটির হিন্দি সংস্করণের গীতিকার রাকিব আলম জানিয়েছেন, তিনি মূলত কন্নড় ভাষার গানের অনুবাদ করেছেন। গানটির মূল সংস্করণ লিখেছিলেন ছবির পরিচালক প্রেম। শুরুতে এমন গান লিখতে তিনি রাজি হননি—কারণ এটি সেন্সরে আটকে যেতে পারে এবং দর্শকের কাছেও ভালোভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে আশঙ্কা ছিল। পরে নির্মাতাদের অনুরোধে তিনি শুধু অনুবাদের দায়িত্ব নেন। বিতর্ক তুঙ্গে উঠতেই গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। পরবর্তী সময় নির্মাতারা নতুনভাবে ‘পরিষ্কার’ ও গ্রহণযোগ্য কথায় গানটি পুনর্লিখনের উদ্যোগ নেন। রাকিব আলম ইতিমধ্যে নতুন সংস্করণ লিখে দিয়েছেন, যা শিগগিরই নতুনভাবে রেকর্ড করা হবে। সূত্র: ইন্ডিয়া টুডে

