প্রতিদিনের ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দর জাতীয় চিজস্টেক দিবস উদযাপন করতে গিয়ে এক ব্যতিক্রমী রেকর্ড গড়েছে। সেখানে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ চিজস্টেকের সারি। মঙ্গলবার (২৪ মার্চ) বিমানবন্দরের খাবার ও দোকান ব্যবস্থাপনা বিভাগ এবং ফিলাডেলফিয়া সিটি বিমান চলাচল বিভাগ যৌথভাবে এই আয়োজন করে। টার্মিনাল বি থেকে সি পর্যন্ত টানা ১ হাজার ২৯১টি চিজস্টেক সাজিয়ে তৈরি করা হয় এই দীর্ঘ সারি। জানা গেছে, এই বিশাল আয়োজনের জন্য ব্যবহার করা হয় প্রায় ১০২ কেজি চিজ সস, ৪৪৯ কেজি কুচানো গরুর মাংস এবং ১ হাজার ২৯১ ফুট লম্বা রুটি। বিশ্বরেকর্ড যাচাই করতে উপস্থিত ছিলেন গিনেস বিশ্ব রেকর্ড কর্তৃপক্ষের কর্মকর্তারা। তারা পুরো আয়োজন পর্যালোচনা করে নিশ্চিত করেন, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ চিজস্টেক লাইনের নতুন রেকর্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার সব শর্ত পূরণ করেছে।

