প্রতিদিনের ডেস্ক:
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের দৃষ্টিতে কামাভিঙ্গা এখন আর ‘অস্পৃশ্য’ নন। বরং ক্লাবে থাকার চেয়ে তার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।২০২১ সালের ৩১ আগস্ট প্রায় ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন কামাভিঙ্গা। তার চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে বর্তমান পরিস্থিতিতে সেই চুক্তি পূর্ণ হওয়ার আগেই বিদায়ের সম্ভাবনা জোরালো হচ্ছে।এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে মাঠে নেমে ২টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি।
মাঝমাঠে তার বহুমুখী ভূমিকা থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পাকা করতে পারেননি সবসময়।সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার সম্ভাব্য গন্তব্য নিয়ে। রিপোর্ট বলছে, প্রিমিয়ার লিগই হতে পারে তার পরবর্তী ঠিকানা। ইতোমধ্যে ম্যানেচেস্টার ইউনাইটেড তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে।ক্লাবটির শীর্ষ কর্মকর্তারা সান্তিয়াগো বার্নাব্যুতে তার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।অন্যদিকে, ফরাসি ক্লাব পিএসজি আপাতত কামাভিঙ্গাকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী নয়। সব মিলিয়ে, সামনে ট্রান্সফার উইন্ডোতে কামাভিঙ্গাকে ঘিরে বড়সড় নাটকীয়তার ইঙ্গিত মিলছে। এখন দেখার বিষয়, রিয়ালে থেকে নিজের অবস্থান শক্ত করেন, নাকি নতুন চ্যালেঞ্জের খোঁজে ইংল্যান্ডে পাড়ি জমান এই প্রতিভাবান মিডফিল্ডার।

