প্রতিদিনের ডেস্ক:
ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে রাতভর নতুন করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। লেবাননে ইসরায়েলের বিমান হামলা এবং হিজবুল্লাহর ছোড়া রকেটের কারণে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ইসরায়েলের হামলায় দেশটিতে ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা রাতভর লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।অন্যদিকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের কয়েকটি স্থানে রকেট নিক্ষেপ করেছে। এই সংঘর্ষ এমন সময়ে ঘটছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননে ইসরায়েল সীমিত আকারে হামলা চালাবে। হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এ ছাড়া নাবাতিয়ার আল-খিয়াম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর ওপরও রকেট হামলা করা হয়েছে বলে তারা দাবি করেছে। তবে এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এদিকে তেল আবিবে তোলা ছবিতে দেখা গেছে, লেবানন থেকে হামলার সতর্কবার্তা পাওয়ার পর বাসিন্দারা দ্রুত আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, হামলার সতর্কবার্তার পর কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় কয়েকজন মানুষ আহত হয়েছেন।

