৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাবা-মা হারিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ফরাসি-লেবানিজ শিল্পীর

প্রতিদিনের ডেস্ক:
২০২৪ সালে বৈরুতে পারিবারিক বাড়িতে ইসরায়েলি হামলা নিয়ে ফ্রান্সে আইনি অভিযোগ দায়ের করেছেন ফরাসি-লেবানিজ শিল্পী আলি চেরি। ওই হামলায় তার বাবা মাহমুদ চেরি ও মা নাদরা হায়েক নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, তার বাবা-মা সাধারণ মানুষ ছিলেন। এমন সহিংস ঘটনায় আপন মানুষকে হারানোর বিষয়টা মেনে নেওয়া তার জন্য খুবই কঠিন।
চেরি চান, ফ্রান্সের যুদ্ধাপরাধ তদন্ত ইউনিট এই হামলার বিষয়টি খতিয়ে দেখুক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছিল। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনা ধ্বংস করা।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার তদন্ত করে জানিয়েছে, চেরির বাবা-মায়ের আবাস্থলের ভেতরে বা আশপাশে কোনো সামরিক লক্ষ্যবস্তুর প্রমাণ পাওয়া যায়নি। এই তথ্যের ভিত্তিতে চেরির আইনজীবী ক্লিমেন্স বেকতার্তে বলেন, ফরাসি আইনে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হতে পারে।
তিনি বলেন, ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের হামলাকে ন্যায্য প্রমাণের চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইনে যুদ্ধ পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মানা বাধ্যতামূলক।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়