১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

চৌগাছায় হাটের ইজারা নিয়ে চাঁদাবাজি প্রাণনাশের হুমকি : আতঙ্কে ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা কেন্দ্র করে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী। এ বিষয়ে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে ১ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৭৫০ টাকায় ১৪৩৩ বঙ্গাব্দের জন্য চৌগাছা পৌরসভার সাধারণ হাটের ইজারা পান আতিকুর রহমান লেন্টু। ইজারা লাভের পরপরই একটি প্রভাবশালী চক্র তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার কর্মচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং খাজনা আদায়ে বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।অভিযোগে আরও বলা হয়, গত ১৪ এপ্রিল থেকে অভিযুক্তরা হাটের কাঁচাবাজার, মাছ বাজার ও ফুটপাত থেকে জোরপূর্বক প্রায় এক লাখ টাকা চাঁদা আদায় করেছে। সর্বশেষ ১৮ এপ্রিল সকাল ৯টার দিকে খাজনা আদায়কারী আরিফুল ইসলাম ওয়াসিম মাছ বাজারে গেলে তাকে গালিগালাজ করা হয় এবং তার রশিদ বই ছিনিয়ে নিয়ে বাজার এলাকা থেকে বের করে দেওয়া হয়। এ সময় ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. শুকুর আলী (৪৫), সহকারী অধ্যাপক হাফিজুর রহমান (৫০), মো. আব্দুর রহিম (৫২), মো. মাসুদ (৪০), মো. উজ্জ্বল হোসেন (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আসামিরা ভুক্তভোগী পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় কুরুচিপূর্ণ কথা বার্তা বলে বেড়াচ্ছে। এতে পরিবারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাফিজুর রহমান দাবি করেন, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। পূর্বের ব্যবসায়িক বিরোধের জের ধরে এ ধরনের অভিযোগ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়