প্রতিদিনের ডেস্ক:
বাড়ি ভাড়া, শেয়ার ও ব্যাংক আমানত থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের বার্ষিক আয় হয় ৩৬ লাখ টাকার বেশি। তার মোট সম্পদের পরিমাণ ছয় কোটি টাকার বেশি।
নির্বাচন কমিশনে (ইসি) তার জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থীর মধ্যে সবেচেয়ে বেশি সম্পদ রয়েছে বিএনপির জেষ্ঠ্য এই নেত্রীর।হলফনামায় উল্লেখ করা তথ্য থেকে জানা গেছে, আয়কর রিটার্নে দেখানো তার সম্পদের পরিমাণ ৬ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৭৩৭ টাকা।৮৫ বছর বয়সী বিএনপি স্থায়ী কমিটির সেলিমা রহমান ১৯৯১-৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৫ সালের তার নামে মামলা ছিল আটটি, গত বছর নির্বাহী আদেশে প্রত্যাহার হয় সব মামলা।আয়কর রিটার্নে দেখানো সেলিমা রহমানের বার্ষিক আয় ৩৬ লাখ ৩ হাজার ২৩৯ টাকা। বাড়ি ভাড়া, শেয়ার ও ব্যাংক আমানত থেকে আসে তার এ অর্থ।

