১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনায় প্রেস ক্লাবে ঢুকে হামলা সাংবা‌দিকদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে। হামলার পর ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেস ক্লাবে ঢুকে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ত‌র্কে জড়ায়। পূ‌র্বে থে‌কে খুলনা প্রেস ক্লা‌বে নির্বাচ‌নে প্রচারণা চল‌ছি‌ল। এ সময় ক‌য়েকজন দুর্বৃত্ত সভাপ‌তি প্রার্থী মোস্তফা স‌রোয়‌রের নাম ধ‌রে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ কর‌তে থা‌কে। এর ম‌ধ্যে এখন টে‌লি‌ভিশন, খুলনার বি‌শেষ প্রতি‌নি‌ধি ত‌রিকুল ইসলামের উপর হামলা ক‌রে। এতে কয়েকজন সাংবাদিক আহত হয়। হামলার পর প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদ করে এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।” এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।” সাংবাদিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে অভিযুক্তদের গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌নো হয়। বি‌ক্ষো‌ভ সঞ্চালনা ক‌রেন দৈনিক সমকা‌লের স্টাফ রি‌পোর্টর হাসান হিমালয়। বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার নির্বাহী সদস্য জিয়াউস সাদাত প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়