প্রতিদিনের ডেস্ক:
দেশে জঙ্গি হামলার আশঙ্কা সংক্রান্ত সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদ ও জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য এবং বস্তুনিষ্ঠ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি পুলিশ জানিয়েছে যে সারা দেশে জঙ্গি হামলার তথ্য পাওয়া গেছে এবং সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তিনি এ বিষয়ে পুলিশের ওপর আস্থা রাখার কথা উল্লেখ করেন।
তবে একই সঙ্গে তিনি বলেন, জঙ্গি সংক্রান্ত তদন্ত ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। অতীতে এই ইস্যু রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ থাকায় জনমনে সন্দেহ ও আস্থাহীনতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।গাজী আতাউর রহমান দাবি করেন, অতীতে বিশেষ করে ফ্যাসিবাদি আমলে জঙ্গি ইস্যুকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে ভিন্নমতাবলম্বী ও ধর্মীয় ব্যক্তিদের ওপর হয়রানি এ নিপীড়নের অভিযোগ উঠেছিল। এ কারণে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপকে অবশ্যই তথ্যভিত্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যবিহীন হতে হবে। তিনি আরও বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় শুধু প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়। ধর্মীয় নেতৃবৃন্দকে এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হলে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব। তাই জঙ্গি সমস্যা মোকাবিলা করতে উলামায়ে কেরামকে আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সংযুক্ত করার দাবি জানাচ্ছি। এতে করে ভুল করার সম্ভবনা যেমন কমবে তেমনি বিশ্বাসযোগ্যতা তৈরি হবে।

