২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি : ৫০ হাজার টাকা জরিমানা

রেজাউল করিম, লোহাগড়া
সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম উল্লেখ করায় নড়াইলে ‘এ.জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এর আগেও একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
জানা গেছে, নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত প্রতিষ্ঠানটি ‘জারা’ ব্র্যান্ড নামে সয়াবিন তেল বোতলজাত করে বাজারজাত করে আসছিল। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি বোতলে অতিরিক্ত মূল্য লেখা দেখতে পান। বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) আধা লিটার ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার ৩৯৮ টাকা লেখা থাকার কথা থাকলেও প্রতিটি বোতলে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দামে তেল বাজারজাত ও বিক্রির বিষয়টি নজরে আসে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পণ্যের গায়ে উল্লেখিত দামে সঠিকভাবে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।অভিযানকালে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়