৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এফডিসি থেকে ফেরার পথে অভিনেত্রীর কান ছিড়ে দুল নিয়ে যায় ছিনতাইকারী

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলমান চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পরিবেশ দেখতে গিয়েছিলেন আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রঞ্জিতা কনা। কিন্তু ফেরার পথে রামপুরা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। গত রোববার রাতের এই ঘটনায় ছিনতাইকারী কানের দুল ধরে টান দিলে এই অভিনেত্রীর কান ছিঁড়ে দুই ভাগ হয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়, সেলাই লাগে সাতটি। জানা গেছে, দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে নির্বাচনসহ নানা বিষয়ে আড্ডা দিতে এফডিসির শিল্পী সমিতির অফিসে যান ‘ঢাকা ৮৬’ চলচ্চিত্রের এই নায়িকা। আড্ডা শেষে রাত সাড়ে ৯টার দিকে রামপুরা বাজার এলাকার একটি গলি দিয়ে বাসায় যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
এ ঘটনা প্রসঙ্গে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, শিল্পী সমিতির নির্বাচন আমাদের কাছে সব সময় উৎসবমুখর। সেটা দেখার জন্য আমি এফডিসিতে গিয়েছিলাম। রাতের দিকে বাসার ফেরার সময় হঠাৎ কেউ আমাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই সেই ছিনতাইকারী আমার কানের দুল ধরে টান দেয়।
ঘটনার আকস্মিকতায় চিৎকার করারও সময় পাননি রঞ্জিতা, ভয়ে কোনো কথাও বলতে পারছিলেন না। তিনি লক্ষ্য করেন, কান থেকে দুল টান দিয়ে ছিনতাইকারী পালিয়ে যাচ্ছে। ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি। পরে চিৎকার করি। তখন দেখি কান থেকে রক্ত ঝরছে। আমার কানে দুল নাই। ছিনতাইকারী দুল টান দেওয়ায় কানটা ছিঁড়ে গেছে। আমার কান দুই ভাগ হয়ে গেছে।
আহত হওয়ার পর এই অভিনেত্রী শিল্পী সমিতির সদস্যদের ফোন দিয়ে সহায়তা চান। রঞ্জিতা জানান, শুরুতে অনেকেই তাকে সহায়তা করেননি। পরে চিত্রনায়ক জয় চৌধুরীকে ফোন দিলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন। রঞ্জিতা বলেন, জয়সহ কয়েকজন আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। আমার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। এই অভিজ্ঞতা প্রথম। আমি এমনিতেই কিছুটা অসুস্থ, এমন অভিজ্ঞতা যেন আর কারও সঙ্গে না হয়। আশির দশকের শেষ ভাগে নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের নায়িকা হয়ে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল রঞ্জিতার। প্রথম সিনেমা দিয়েই ব্যাপক আলোচনায় আসেন তিনি। এরপর নায়করাজের পরিচালনায় ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেন। তবে ২০০৫ সালের পর থেকে তাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়