প্রতিদিনের ডেস্ক
তীব্র গরমে পানির খোঁজে একটি বানরের বাস থামিয়ে দেওয়ার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছে। ভারতের মহারাষ্ট্রের ইয়াভতমাল জেলার খন্ডালা ঘাট এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বুধবার দুপুরে ওয়াশিম থেকে পুসাদের পথে চলা মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (এমএসআরটিসি) একটি বানর বাসের সামনে হঠাৎ এসে দাঁড়ায়। ফলে চালক বাস থামাতে বাধ্য হন। প্রথমে যাত্রীরা বানরটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সেটি সরেনি। পরে যাত্রীরা বুঝতে পারেন, প্রচণ্ড গরমে বানরটি পানির জন্য ছটফট করছে। তখন এক যাত্রী বোতল থেকে পানি দিলে বানরটি দ্রুত তা পান করে। এরপর আশপাশের বন থেকে আরো কয়েকটি বানর বেরিয়ে এসে বাসের চারপাশে জড়ো হয়। যাত্রীরা জানান, ক্লান্ত ও পানিশূন্য বানরগুলো কয়েক ফোঁটা পানির জন্য মরিয়া হয়ে উঠেছিল। অনেকে নিজেদের পানির বোতল এগিয়ে দিয়ে বানরগুলোর তৃষ্ণা মেটানোর চেষ্টা করেন। যাত্রীদের ভাষ্য, দৃশ্যটি ছিল অত্যন্ত আবেগঘন। তীব্র গরমে বন্যপ্রাণীর দুর্ভোগের বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে এ ঘটনায়। ভাইরাল হওয়া ভিডিও দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ এটিকে ‘হৃদয়বিদারক’, আবার কেউ ‘জলবায়ু সংকটের সতর্কবার্তা’ বলে মন্তব্য করেছেন। ঘটনাটি মহারাষ্ট্রের খরাপ্রবণ অঞ্চলে বন্যপ্রাণীর জন্য পর্যাপ্ত পানির উৎস নিশ্চিত করার দাবি নতুন করে সামনে নিয়ে এসেছে।

