প্রতিদিনের ডেস্ক
রিয়াল মাদ্রিদে নতুন যুগ শুরুর আগেই বড় পরিকল্পনা সাজাতে শুরু করেছেন জোসে মরিনহো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে ঘোষণা আসেনি, তবু দলবদলের পরিকল্পনায় ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছেন এই পর্তুগিজ কোচ। এর আগে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে দলে টানার আগ্রহ দেখিয়েছেন মরিনহো। স্প্যানিশ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার তার নজর পড়েছে সাবেক শিষ্য মার্কাস রাশফোর্ডর ওপরও। ম্যানচেস্টার ইউনাইটেডে একসঙ্গে কাজ করার সময় থেকেই রাশফোর্ডকে বেশ পছন্দ করেন মরিনহো। সেই কারণেই আগামী মৌসুমে তাকে রিয়াল মাদ্রিদে দেখতে চান বলে জানা গেছে। বর্তমানে বার্সেলেনায় ধারে খেলছেন রাশফোর্ড। তবে বার্সেলোনা যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে স্থায়ী চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে সুযোগ নিতে পারে রিয়াল। যদিও এখনো রাশফোর্ডের বার্সেলোনাতেই থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। কোচ হান্সি ফ্লিক নাকি ইতোমধ্যে স্পোর্টিং ডিরেক্টর ডেকোকে জানিয়েছেন, আগামী মৌসুমেও ইংলিশ এই ফরোয়ার্ডকে দলে চান তিনি। তবু শেষ পর্যন্ত রাশফোর্ড যদি রিয়াল মাদ্রিদে যোগ দেন, সেটি হবে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম বড় চমক। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের বিকল্প হিসেবে তিনি হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র।

