২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শুভশ্রীর সঙ্গে ১৭ বছরের বন্ধুত্বে যে কথা রাখলেন দেব

প্রতিদিনের ডেস্ক:
টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি জুটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে। মাঝের ১৭ বছরে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। এর মধ্যে ঘর-সংসারও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। চলুন ফিরে দেখা যাক এ তারকা জুটির ‘ফিল্মি’ ক্যারিয়ারের ১৭ বছরের জার্নি এখন কোথায় দাঁড়িয়ে।
খোঁপায় বেলি ফুলের মালা আর সাদা শাড়িতে শুভশ্রী গাঙ্গুলি। অন্যদিকে অভিনেত্রীর পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে সেজেছেন প্রযোজক তথা পরিচালক-অভিনেতা দেব। মে মাসের শেষ রবিবার হলো ‘দেশু ৭’ সিনেমার মহরত। সেই অনুষ্ঠানে তাদের পাশাপাশি বসতে দেখে আনন্দে আত্মহারা ভক্ত-অনুরাগীরা।
১০ বছর পর আবার একসঙ্গে নতুন সিনেমার শুটিং করবেন দেব-শুভশ্রী। মাঝের দিনগুলো দুজনের জীবন অনেক বদলে গেছে। ২০১৬ সালে শুটিং হওয়া ‘ধূমকেতু’ মুক্তি পায় ২০২৫ সালে। তারপর থেকে আবার ‘দেশু’ জুটির একসঙ্গে কাজের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরে শুভশ্রীর সঙ্গে নতুন কাজের ঘোষণা দেন প্রযোজক দেব। সহকর্মী, বন্ধু হিসেবে তাদের যাত্রা কম হলো না। মাঝে মান-অভিমানের পালায় সময় বয়ে গেছে অনেকটাই।সালটা ২০০৯। সেই সময় শুভশ্রী গাঙ্গুলি টালিউডে নতুন মুখ। অন্যদিকে দেব তখন অভিনয় করে ফেলেছেন ‘আই লাভ ইউ’, ‘প্রেমের কাহিনি’র মতো সিনেমায়। ‘রোমান্টিক’ নায়ক হিসাবে অনুরাগীদের মনে ধীরে ধীরে জায়গাও তৈরি করে ফেলেছেন অভিনেতা। সেই সময় পরিচালক রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে পর্দায় আগমন নতুন জুটি দেব-শুভশ্রীর। নৌকায় নতুন জুটির রোম্যান্স প্রথম ঝলকেই মন জয় করেছিল ভক্ত-অনুরাগীদের।
অনুরাগীদের মনে গুনগুন করত ‘দেখেছি তোমাকে শ্রাবণে’। শোনা যায়, এ সিনেমার পর নায়ক-নায়িকার ব্যক্তিগত জীবনেও তৈরি হয়েছিল বিশেষ বন্ধুত্ব। সেই সময়ে একের পর এক সিনেমাতে দর্শক দেখেছিলেন দেব ও শুভশ্রীকে। এমনকি তখন অন্দরে ফিসফাস শুরু— ব্যক্তিগত সমীকরণের কারণেই নায়ক-নায়িকা বারবার একসঙ্গে অভিনয় করছেন।
‘চ্যালেঞ্জ’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সেই একই বছরে মুক্তি পায় সিনেমা ‘পরান যায় জ্বলিয়া রে’। এ সিনেমাটি টালিউডে জায়গা আরও পাকা করে দেয় দেব-শুভশ্রী জুটির। কিন্তু ২০০৯ সালের পর প্রায় দুই বছর এ জুটিকে আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। শোনা গিয়েছিল, সেই সময় নায়িকা তথা শুভশ্রী বাদ পড়েছিলেন অনেক সিনেমা থেকে। তারপর নাকি ‘বন্ধু’ দেবের তৎপরতাতেই নতুন কাজের কথা শুরু হয়।
দুই বছরের ব্যবধানে ‘রোমিও’ সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফেরেন শুভশ্রী গাঙ্গুলি। বিপরীতে আবার সেই দেব। এ সিনেমায় নিজের চেহারার আদ্যোপান্ত বদল এনেছিলেন নায়িকা, যা রীতিমতো প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক মহলে। তার আগে থেকেই অবশ্য দেব-শুভশ্রীর প্রেমের কাহিনিতে সরগরম ছিল টালিপাড়া। যদিও জনসমক্ষে নিজেদের প্রেমের কাহিনি কখনো স্বীকার করেননি তারা। বরং বরাবরই ভালো বন্ধু বলে এড়িয়ে গেছেন। সেই সময়ে প্রযোজকেদের তালিকাতেও প্রথম সারিতে ছিলেন দেব-শুভশ্রী জুটি। বেশ কিছু জায়গায় আমন্ত্রিত হিসেবেও একসঙ্গে দেখা গেছে তাদের।২০১২ সালে ‘দেশু’ জুটির ‘খোকাবাবু’ও বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। তার পরের বছর মুক্তি পেয়েছিল ‘খোকা ৪২০’। শোনা যায়, এ সিনেমার পর থেকেই তাদের দূরত্ব তৈরি হয়।
যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে না কথা বললেও তাদের বন্ধুত্বে ভাঙন, দূরত্ব নিয়ে বিপুল লেখালেখি হয়েছিল সেই সময়ে। তারপরও অবশ্য একসঙ্গে কাজ করেছেন দেব ও শুভশ্রী। অনেক সাক্ষাৎকারেই দেব বলেছেন, তিনি কথা দিয়েছিলেন তার প্রথম প্রযোজিত সিনেমায় নায়িকা হবেন শুভশ্রী। সেই কথামতোই ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকা হিসাবে সই করানো হয় শুভশ্রীকে। ততদিনে দেব-শুভশ্রীর মাঝে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে।
তারই মাঝে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের ‘বিশেষ’ বন্ধুত্বের গুঞ্জনও তৈরি হয়। কিন্তু যেমনটা কথা দিয়েছিলেন, ২০১৬ সালে সেই মতো শুভশ্রীকে নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’র শুটিং করেন দেব। সেই সিনেমাতে প্রযোজক হিসেবে দেখা গিয়েছিল নায়কের নাম। সঙ্গে প্রযোজনার দায়িত্ব সামলেছিলেন প্রযোজক রানা সরকারও। কিন্তু অভ্যন্তরীণ বেশ কিছু সমস্যার কারণে সেই সিনেমা তখন মুক্তি পায়নি। ২০১৬ সালে তৈরি হওয়া সিনেমা মুক্তি পায় ২০২৫ সালে। মাঝে এতগুলো বছরে দেব আরও পোক্ত হয়েছেন প্রযোজক হিসেবে। শুভশ্রীও ঘর পেতেছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তাদের দুই সন্তান।
২০১৬ সালের পর আর কোথাও একসঙ্গে দেখা যায়নি দেব ও শুভশ্রীকে। তাই ২০২৫ সালে যখন ‘ধূমকেতু’ মুক্তির দিনক্ষণ ঠিক হয়, তখন থেকেই সবার মনে প্রশ্ন ছিল— আবার কি একসঙ্গে দেখা যাবে ‘দেশু’ জুটিকে? সবার ইচ্ছা— ভক্ত-অনুরাগীদের ইচ্ছায় ‘ধূমকেতু’র প্রচার ঝলকের অনুষ্ঠানে একসঙ্গে হাতে হাত ধরে মঞ্চে ধরা দেন দেব ও শুভশ্রী। তারপর থেকেই ইচ্ছা আরও দৃঢ় হয়েছে ভক্ত-অনুরাগীদের। সেই মতো ‘দেশু ৭’ সিনেমার ঘোষণা করেন দেব।
উল্লেখ্য, পরিচালক দেবের প্রথম নায়িকাও হলেন শুভশ্রী গাঙ্গুলি। যেমনটি প্রযোজক দেবের প্রথম নায়িকা ছিলেন শুভশ্রী। এ কি নিছকই কাকতালীয়, তা অবশ্য বলা কঠিন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়