২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রবাসী জিহাদ হোসেনের মানত পূরণ গ্রামবাসীর জন্য ইছালীতে গণভোজ

নিজস্ব প্রতিবেদক
পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে মানত করেছিলেন, বিএনপি সরকার গঠন করলে এবং যশোর-৩ (সদর) আসনে অনিন্দ্য ইসলাম অমিত জয়লাভ করলে গ্রামবাসীকে জোড়া গরু ও জোড়া খাসির ভোজ খাওয়াবেন পর্তুগাল প্রবাসী জিহাদ হোসেন। মানত পূরণ হওয়ায় এবার পুরো গ্রামবাসীর জন্য গণভোজের আয়োজন করে তাক লাগিয়ে দিলেন তিনি। শুক্রবার দুপুরে যশোর সদর উপজেলার ইছালী হাই স্কুল চত্বরে প্রায় দশ হাজার মানুষের এই প্রীতিভোজের আয়োজন করেন তিনি। ভোজের আয়োজক জিহাদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। সে সময় কাবা শরিফের সামনে দাঁড়িয়ে তিনি মহান আল্লাহর দরবারে একটি বিশেষ মানত করেন। তার মানত ছিল, দেশের রাজনৈতিক পটপরিবর্তনে যদি বিএনপি সরকার গঠন করে এবং যশোর-৩ (সদর) আসন থেকে দলীয় প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জয়লাভ করেন, তবে তিনি দেশে ফিরে জোড়া গরু এবং জোড়া খাসি জবাই করে পুরো গ্রামবাসীকে ধুমধাম করে খাওয়াবেন। জাতীয় নির্বাচনে তার সেই কাঙ্ক্ষিত মানত পূরণ হওয়ায় সম্প্রতি তিনি দেশে ফেরেন এবং প্রতিজ্ঞা রক্ষায় এই বিশাল ভোজের আয়োজন করেন। নিজের ইচ্ছা ও মানত সম্পন্ন করতে ইছালী ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষকে আমন্ত্রণ জানান জিহাদ। শুক্রবার জুম্মার নামাজ শেষ হতে না হতেই ইছালী হাইস্কুল চত্বরে আসতে শুরু করেন আমন্ত্রিত মানুষ। পুরো স্কুলমাঠ রূপ নেয় এক বিশাল মিলনমেলায়। গণভোজের আনুষ্ঠানিকতা শুরুর আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আগত অতিথিদের হাতে মানতের খাবার তুলে দেন স্বেচ্ছাসেবকেরা। দীর্ঘদিন পর পুরো ইউনিয়নের মানুষ একসাথে এমন একটি আনন্দঘন ও ব্যতিক্রমী আয়োজনে শামিল হতে পেরে প্রবাসী জিহাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ব্যতিক্রমী এই গণভোজের আয়োজনে শুধু সাধারণ গ্রামবাসীই নন, শামিল হয়েছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়