আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বাড়িতে সোহাগকে লক্ষ্য করে গুলি চালানো ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. সোহাগ আলী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১২-১৩ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন: বেনাপোল পোর্ট থানার মো. ইসমাইলের ছেলে কুখ্যাত আশা বাহিনীর প্রধান কুতুব উদ্দিন আশা (৩০), একই গ্রামের ইসরাফিলের ছেলে নয়ন (৩০) ও চয়ন (২৭), জামু সরদারের ছেলে বাবা (৪০), বড়আঁচড়া গ্রামের মোতাহার মিস্ত্রির ছেলে উজ্জ্বল হোসেন (২৮), গাতিপাড়া গ্রামের হবির ছেলে রনি (২৮), নামাজ গ্রামের রাজু (৩৪) এবং ছোট আঁচড়া গ্রামের ইসরাফিল (৫৪)। এজাহারে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত কুতুব উদ্দিন আশার কাছে ৮ লাখ ৮৩ হাজার টাকা পাওনা ছিল বাদীর। টাকা ফেরত না দিয়ে উল্টো গত ৪ ও ৫ জুন অভিযুক্তরা বাদীকে মোবাইল ফোনে ও সশরীরে প্রাণনাশের হুমকি দেয়। গত ৫ জুন রাত ১০টা ২০ মিনিটের দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বাদীর ভাড়াটিয়া বাড়িতে গিয়ে গালিগালাজ করে এবং বাড়ির গেট লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে আলামত হিসেবে গুলির খোসাসহ আনুষঙ্গিক জিনিস উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘বাদী সোহাগ আলী থানায় এজাহার দাখিল করেছেন। আসামিদের আটকের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।’

