৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শায় ডিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী রাসেল রানা আটক : উদ্ধার ২ বিদেশি পিস্তল ও ৪ ম্যাগাজিন

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কথিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী মো. রাসেল রানা (২৬) এবং তার সহযোগী মো. জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল, চারটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুন) ভোররাতে শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (চলতি দায়িত্ব) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাসেল রানার বাড়িতে অভিযান চালানো হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শয়নকক্ষের বালিশের নিচে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে বেনাপোলের পুটখালী এলাকা থেকে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রাসেল রানার বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধী চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়